জনমত ছাড়াই তৈরি হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র: পরিবেশ উপদেষ্টা

জনমত ছাড়াই তৈরি হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র: পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস
Advertisement
Advertisement

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র জনগণের মতামত ছাড়াই বিগত সরকারের আমলে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‘দেশে অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু কখনোই পরিবেশকে ধ্বংস করে নয়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাওয়া এবং চাহিদার মূল্য দেওয়া উচিত। বিদেশি বিনিয়োগ তখনই টেকসই হয়, ‎যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মিলে যায়। ‎নয়তো তা শুধুই শোষণ হয়’, বলেও যোগ করেন পরিবেশ উপদেষ্টা।

রোববার সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে রিজনাল ইনফ্র্যাসট্রাকচার মনিটরিং অ্যালাইয়েন্স কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘রামপাল পাওয়ার প্ল্যান্ট তৈরির বিষয়ে সরকার বন মন্ত্রণালয়কে চাপ দিয়ে বনভূমি ছাড়তেও বাধ্য করেছে। এটাই কি গণতন্ত্র? আমরা কি “না” বলার অধিকার হারিয়ে ফেলেছি?’

‘শেষ এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি আর ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। যা কখনও ঠিক করাও হয়নি। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সব কিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে’ বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরিবেশ, জনগণের অধিকার এবং জবাবদিহিতার সমান গুরুত্ব পেতে আমাদের প্রয়োজন দেশে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো। আমরা উন্নয়ন চাই, কিন্তু শর্তহীন না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর