জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মোখলেস উর রহমানের এই নিয়োগ ছিল দুই বছরের জন্য চুক্তিভিত্তিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। দুই বছর মেয়াদ পূরণ না হতেই তাকেও সরিয়েও দেওয়া হলো। তবে এখন পর্যন্ত তার পদে নতুন কাউকে পদায়ন করা হয়নি।
১৯৮২ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোখলেস উর রহমান।
তিনি জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের বিরুদ্ধে অবহেলা ও বৈষম্যের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
সচিব, বিভিন্ন সংস্থার প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়েও তাকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়। এমনকি এসব নিয়োগে আর্থিক লেনদেনের সঙ্গেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
দুদকের সচিব থাকার সময় মোখলেস উর রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় অন্যতম ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ একটি গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়।
এরই মধ্যে, গত ২৫ মে মোখলেস উর রহমান ও দুদকের তিন সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়।
সেখানে অভিযোগ আনা হয় যে, তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে মামলা করেছিলেন। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছ।


