জঙ্গি আখ্যা দিয়ে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনকে গ্রেপ্তার করে ২ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে উপস্থিত করার কথা ছিল, কিন্তু আসামিদের উপস্থিত করা হয়নি। আগামী ২ মার্চ আসামিদের আদালতে উপস্থাপন করে মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাত জনকে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটা বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। বলা হয় যে, তারা জঙ্গি ছিল। কিন্তু তদন্ত সংস্থার তদন্তে বের হয়েছে, সেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদের দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের এভাবে গুলি করে হত্যা করা হয়।’
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করেছে প্রসিকিউশন। এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।


