গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় ছেলেকে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তাদের বাবা। অভিযুক্ত রাকিবের (১৮) বিরুদ্ধে বড় ভাই সাকিবকে (২২) হত্যার অভিযোগ এনেছেন বাবা এরশাদুল হক।
শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় এই হত্যা মামলা হয়।
মামলার নথি অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করেন রাকিব। পরে গুরুতর আহত সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা।
পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বড় ছেলেকে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে তার বাবা হত্যা মামলা করেছেন। আসামি রাকিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’


