রাজধানী ঢাকার বাড্ডায় তিন বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ। নিহত শিশু হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ওই বাড়িটিতে রিকশাচালক শাহিন, তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন ও তাদের দুই ছেলে সন্তান থাকেন। সোমবার রাতে বড় ছেলেটি বাসায় ছিল না। একই সময়ে ওষুধ কিনতে বাসার বাইরে গিয়েছিলেন নিহত শিশুর মা শিল্পী।
কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তখন ডাকাডাকি করে স্বামী শাহিনকে দরজা খুলতে বলেও তিনি কিছুতেই দরজা খুলছিলেন না। পড়ে বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড়ো হলে শাাহিন দরজা খুলেন।
এরপর তিনি নিজেই শিশু সন্তান হাবিবকে ঘরের ভেতর মেরে ফেলার কথা স্বীকার করেন। উপস্থিত প্রতিবেশীরা ঘরে ঢুকে বিছানার উপর শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শাহিনকে আটকে রাখেন।
এসআই আরও জানান, ৯৯৯ এ থানায় খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল। তবে তিনি ছেলেকে কেনো হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।


