গুলশানের বাসভবন থেকে ছুটির দিনেও সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শুরু হওয়ার পরও তিনি রাজধানী ঢাকা মহানগরের সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসক নিয়োগসহ নির্বাচনী প্রতিশ্রুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কিছু বিষয়ে সরাসরি তদারকিও করছেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন এবং সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি, কার্যক্রম চলমান কি না, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে তা যাচাই করছেন।
তিনি সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় তাগাদা দিয়েছেন। এ ছাড়া ঈদযাত্রার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে।
মঙ্গলবারও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করেছেন। ঈদের সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে।


