অস্ট্রেলিয়ার ডারউইনের টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরের রানার আপ বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। যদিও ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘এ’ দল। আগামী ৭ ও ৮ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়া ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন, শিরোপা জয়ের লক্ষ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।
১১ দলের এই টুর্নামেন্টে এবার খেলবে নেপাল জাতীয় দল। এর সাথে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্নের দুটি একাডেমির সাথে দেখা যাবে পাকিস্তান শাহীন্সের মতো বড় দলকেও। সেই হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের আশা করছেন সোহান। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ভালো ক্রিকেট খেলে শিরোপা জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।
সোহান বলেন, ‘অবশ্যই দেখেন একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি। যতটুকু স্টাডি করেছি,এই বছর খুব ভালো ভালো টিম এবার আছে। আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। অবশ্যই চাইব যাতে ফাইনাল খেলতে পারি।’
অবশ্য এই টুর্নামেন্টকে শেখার মঞ্চ হিসেবে মানতে নারাজ সোহান। সোজাসাপ্টা জবাবেই বললেন, শিরোপাতেই চোখ তার, ‘লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমরা টানা শিখেই যাচ্ছি। শিখব, এটা পার্ট অফ লাইফ। আর যেহেতু একটা টুর্নামেন্ট খেলব, আমাদের লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। দলের ক্রিকেটার-কোচ যারা আছেন, সবার লক্ষ্য ট্রফির দিকে।’
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে সোহান। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও নির্বাচকদের নজর বারবার এড়িয়ে যাচ্ছে তাকে। আসন্ন টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করে জাতীয় দলের ফেরার ব্যাপারেও নির্বাচকদের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন, সোহান।
তবে দ্রুতই নির্বাচকদের সাথে কথা বলে বিশ্বাস সোহানের, ‘এই বিষয়ে কোনো কথা যোগাযোগ হয়নি। যদিও এখনো সময় আছে, আমরা যেহেতু কাল ও পরশু দুটো ধাপে যাচ্ছি, টুর্নামেন্টে শুরুর আগেও একটা গ্যাপ আছে, তো ওই সময়ে তাদের সাথে একটা কমিউনিকেশন হতে পারে।’
১১ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৪ আগস্ট শুরু হয়ে পর্দা নামবে ২৪ আগস্ট। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।


