বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আর্মি স্টাফ টকস

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আর্মি স্টাফ টকস
Advertisement
Advertisement

বাংলাদেশ ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত চার দিনব্যাপী চতুর্থ ‘আর্মি স্টাফ টকস২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে এ তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সম্মেলন শেষ হয়। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই চার দিনের আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এই সামরিক আলোচনায় বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর। অন্যদিকে তুরস্কের ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির হেড অব মিলিটারি রিলেশন্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের কর্নেল কাদের ওজিউরেক।

সম্মেলনে উভয় দেশের প্রতিনিধিরা সামরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এই আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উন্নত প্রযুক্তি বিনিময়, সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সেনা কর্মকর্তারা সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বেশি যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন এবং উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আয়োজিত এই স্টাফ টকস উভয় দেশের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad