চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু নিহত, আহত আরেক বন্ধু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু নিহত, আহত আরেক বন্ধু
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু পা-কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আব্দুল কাদের ও তার কাছে বেড়াতে আসা অজ্ঞাত দু’বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad