চুয়াডাঙ্গায় এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আলমডাঙ্গায় কালিদাসপুর ইউনিয়নের আসান নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুজন আলী (৩৮)। তিনি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে। তিন সন্তানের জনক সুজন পেশায় রংমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের জেরে সুজনের স্ত্রী নির্বাচনের আগে তার বাবার বাড়িতে চলে যান। তারপর থেকে সুজন বাড়িতে একাই থাকতেন।
সোমবার সকালে বড় ছেলে লিমন তার বাবার খোঁজ নিতে বাড়িতে আসেন। বাড়ির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ ছিল। তিনি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। ঘরের দরজা খোলা থাকায়, পিতাকে ডাকতে ডাকতে ভেতরে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার বাবা ঝুলছেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। কয়েকদিন আগেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। মরদেহ কিছুটা গলিত অবস্থায় ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


