চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়াও পৃথক আরও চারটি মামলায় তার করা জামিন আবেদন সোমবার আদেশের জন্য রেখেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আলিফ হত্যা মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল–আমিন, কোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান এবং মো. মোখলেছুর রহমান।
অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যসহ আরও কয়েকজন আইনজীবী।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে গত ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। একই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।


