আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে তিনি বলেন, ‘বেআইনি কোনো নির্দেশনা না বরং আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন।’
তার মতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।
এ সময় যেকোনো সংকট মোকাবিলা করার মানসিকতা রাখার পরামর্শ দিয়ে ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।’
নির্বাচন ব্যবস্থাপনায় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘নির্বাচনের সময় সমন্বয় খুবই জরুরি। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কেন্দ্রীয় এবং জেলার মনিটরিং সেলের সঙ্গে সমন্বয়টা খুব গুরুত্বের সঙ্গে করতে হবে।’
একই আয়োজনে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম (ইসি) জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না।
ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা ও সততা দেখানোর এখনই সময়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে। তবে উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।’
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করতে হবে।
প্রবাসী ভোটারদের জন্য আগামী ১৬ নভেম্বর একটি মোবাইল অ্যাপ উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।
‘এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে বিশ্বের কাছে আমরা নিন্দিত জাতিতে পরিণত হবো’- বলে মন্তব্য করেন আরেক নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ।


