জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পুনর্বিবেচনা চায় নিহতদের পরিবারগুলো।
এজন্য মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ। তিনি নিহত ছয়জনের পরিবারের পক্ষে এই স্মারকলিপি দেন।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নারকীয় সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তারা ইতিহাসে শহীদ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই মহান আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। কিন্তু সোমবার চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে নিয়েছে শহীদ পরিবার।
স্মারকলিপিতে বলা হয়, ‘এ রায় আইনগতভাবে সংগত নয়। কারণ সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরেও রায়ে যথাযথভাবে তা প্রতিফলিত হয়নি। যা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।’
মূল অভিযুক্তদের পর্যাপ্ত শাস্তি না দিয়ে ও সুপিরিয়র কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযোগ করে সেখানে বলা হয়, ‘ভবিষ্যতে এ রায় টিকবে কি না সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।’
এই রায় জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ রায় ভবিষ্যতে একটি নেতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এমন আশঙ্কা করে স্মারকলিপিতে বলা হয়, যা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জুলাই আন্দোলনের চেতনার প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে এ রায় পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে নিহতদের পরিবারগুলো।


