চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিনদিন বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত শিক্ষার্থীরা তালিকায় আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন।
কমিশন এ সংক্রান্ত দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মনির উদ্দিন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সুবিধার্থে আমরা খসড়া তালিকা সংশোধনের সময় বাড়িয়েছি। তবে চূড়ান্ত ভোটার তালিকা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারই প্রকাশ করা হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিতভাবে আপত্তি গ্রহণের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী নিজ সংযুক্ত হলের বাইরে অন্য হলে আসনপ্রাপ্ত হলে, সংশ্লিষ্ট হলের প্রভোস্টের প্রত্যয়নপত্র বিভাগীয় সভাপতি বা পরিচালকের কাছে জমা দিলে তিনি ওই হলে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
চাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।


