চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহী রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার বাবা আবুল হাসেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাকিবের কলেজপড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন জানান, বাবার চোখের চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন রাকিব। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


