চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলা বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার এক চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত রবিউল উপজেলার শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে। তিনি শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক মেহেদী হাসান (২৩) পাশের কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজি বাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় রবিউল অটোরিকশায় উঠছিলেন। তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ওভারলোড বালুবাহী ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রবিউল ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান এবং চালক মেহেদী হাসান গুরুতর আহত হন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন এবং আহত চালককে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


