চাঁদপুরে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

চাঁদপুরে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। খবর পেয়ে বিকাল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে নুরজাহান বেগমকে তার নিজ বসতঘরের টয়লেটে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মৃতের কলেজপড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, ‘আমি সকালে কলেজে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পাশের এক চাচাতো বোনের বাসায় যাই আমার কাছে থাকা তার ওষুধ দিতে। কিছুক্ষণের মধ্যে আবার ঘরের সামনে এসে দেখি দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলা কাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। তারাসহ মাকে হাসপাতালে নিয়ে যাই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকত টাকার জন্য। ঘটনার দিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসে।’ তবে কোনো এনজিও কোম্পানির নাম তিনি বলতে পারেননি।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad