ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে এই লাগাতার ধর্মঘট শুরু হবে।
শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের নতুন করে এই ধর্মঘট কর্মসূচির ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন।
এর আগের ধর্মঘট কর্মসূচিতে বহিঃনোঙ্গরে পণ্য খালাস কার্যক্রম চললেও এবার তা হবে না বলে জানিয়েছে সংগঠনটি।
এ সময় বিক্ষুব্ধরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান এর পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার সংগঠনের নেতারা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শনিবার নতুন করে তারা ধর্মঘটের ডাক দিলেন।


