চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমানের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি পেশায় ভটভটি চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন মো. কামাল হোসেন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, দুপুরে মাজার গেট এলাকার ওই ভাঙারির দোকানে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানের সামনে অবস্থানরত ভ্যানচালক আরমান ঘটনাস্থলে মারা যান।
বিস্ফোরণে আশপাশে থাকা আরও চারজন গুরুতর আহত হন। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ভাঙারির দোকানে রাখা একটি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হবে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।


