টানা ভারী বর্ষণে পাহাড়ধস ও দুর্ঘটনার ঝুঁকি থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
অব্যাহত ভারী বর্ষণে দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
এ সময় সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। তাছাড়া জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।


