চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক আদালত ভবনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
বুধবার বিকালে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় হাঁটতে গিয়ে ঢলে পড়ে যান তিনি।
নিহত কনস্টেবল মোজাম্মেল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি কাগজপত্র নিয়ে আদালতে যাওয়ার পর বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোজাম্মেল হক। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মোজাম্মেল হককে হাসপাতালে নেওয়া হয়, তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।


