চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি চা বাগানের জঙ্গল থেকে নয়টি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে সুয়াবিল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বারোমাসিয়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।
এসময় চা বাগানের টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে মোট নয়টি দেশে তৈরি একনলা বন্দুক পাওয়া যায়।
আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এসব অস্ত্র গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিক ধারণার কথা জানান ওসি।
এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।
পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।


