চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে একটি কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নাজিম উদ্দিন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। নাজিম উদ্দিন নগরের বাকলিয়া উইলস স্টার স্কুলের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী একই স্কুলের উপাধ্যক্ষ ছিলেন।
তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া এলাকার তালুকদার বাড়িতে হলেও তারা নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকার হাজী বিল্ডিংয়ে থাকতেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে মুরাদপুর কনভেনশন হলের সামনে দ্রুতগতির একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী স্বামী-স্ত্রী দুইজনেই গুরুতর আহত হন।
স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।


