চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছে অমিত ফুড প্রোডাক্টস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলীর ‘অমিত ফুড প্রোডাক্টস’-এ মোবাইল কোর্ট পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। উৎপাদনস্থলে তেলাপোকা, ইঁদুর, বিভিন্ন পোকামাকড় এবং বিড়ালের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ব্যবহার, বিএসটিআই সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম পাওয়া যায়।

এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই দিনে পাহাড়তলীর ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের আরেকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ অংশ নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad