সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৭ বারের মতো পেছাল। আগামী ২২ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই নতুন দিন ঠিক করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।
হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে শেরেবাংলা নগর থানার পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তী সময় তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও পরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তভার র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এরপর গত ২৩ অক্টোবর সরকার চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সের আহ্বায়ক পিবিআই প্রধান।
মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন। বাকিরা কারাগারে আটক।


