চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকায় শাক্যমুনি বিহারের পেছনের চাঁনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে খালে মাছ ধরার সময় জেলে অর্জন দাশ পানিতে ভাসমান একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


