ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়: ধর্ম উপদেষ্টা

ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়: ধর্ম উপদেষ্টা
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫’ এ বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাষ্ট্রের প্রতি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়।’

বৃহস্পতিবার রাতে কুমিল্লার আল-কুরআন একাডেমির উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিচ্ছিন্নতা রাষ্ট্রের ইতিবাচক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে।’

এ সময় খালিদ হোসেন জানান, বিভিন্ন সূচকে বাংলাদেশ এরইমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা গেলে, বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে যেতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।’

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও গীবত প্রসঙ্গেও মন্তব্য করেন আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা গীবত করব না। মানুষ বলে, ফেসবুক বলে; কিন্তু আমরা নিজেরা তা বলব না। নিজেকে প্রশ্ন করুন, তারপর আরেকজনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।’

অনুষ্ঠানের শেষ দিকে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেজাদ ও ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাজির আসগার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad