রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতাদর্শী চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান, মোস্তাকিম, রিপন ও আবু বকর। বুধবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং বিকালে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বকরকে গ্রেপ্তার করা হয়।
ডিবির প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটি সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে ত্রাস সৃষ্টির লক্ষ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করেছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান-শুটার গান, ১৪ রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি ড্রোন ও ড্রোন পরিচালনার সরঞ্জাম, একটি মেটাল ডিটেক্টর, একাধিক স্মার্টফোন, সামরিক পোশাকের কাপড় এবং উগ্রবাদী ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়।


