নিজের ব্যঙ্গচিত্র (কার্টুন) আঁকায় দায়ে কোনো কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার সংসদের অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির আগে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অনুরোধ জানান।
চিফ হুইপ অধিবেশনে বলেন, ‘আমি নিশ্চিত নই যে শুধুমাত্র আমার কার্টুন আঁকার কারণেই হাসান নাসিম নামের ওই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে কি না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচার হচ্ছে, আমাকে নিয়ে কার্টুন আঁকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি বিষয়টি এমন হয়ে থাকে, তবে আমি চাই তিনি মুক্তি পান।’
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম মনি আরও বলেন, কিছু নির্দিষ্ট আইডি থেকে বর্তমান সরকার, সরকারের মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন গুজব, অপপ্রচার ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি মনে করেন, এ ধরনের কাজ কোনোভাবেই কাম্য হতে পারে না।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকার নিজ বাসভবন থেকে এ এম হাসান নাসিম নামের এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরকে ডিবি পুলিশ আটক করে।
ডিবির দাবি, হাসান নাসিম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়িয়ে আসছিলেন।


