গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়কের পাশ থেকে মো. নাসির মিয়া (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মৃত সারোয়ার মিয়ার ছেলে। তিনি ভাইয়ের ব্যবসার সুবাদে কাশিয়ানীতে বসবাস করতেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান টাইমস অব বাংলাদেশকে জানান, বিকালে মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় সড়কের পাশে নাসির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত নাসির মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের খিঁচুনির সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।


