গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা  

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা  
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং করেন। ছবি: বাসস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘অন্যায় যে করেছে তাকে গ্রেপ্তার করা হবে। আমি একটা কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে।’ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চারজনের মৃত্যুর বিষয়ে মামলা করবে কি করবে না, একটি কমিটি গঠন করা হয়েছে তারা বলবে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পরিস্থিতির কারণেই গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে। যে সময় যে পরিস্থিতি ওই সময় ওই ব্যবস্থাই নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর এই জেলায় জারি করা ১৪৪ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময় অনেক কিছু হয়। আগে যখন আমরাও (রাজনীতি) করেছি তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কি না।’

আরও পড়ুন

গোপালগঞ্জের ঘটনায় নয়জন শিশুকেও আটকে রাখা হয়েছে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ রকম কোনো খবর আমার কাছে নেই।‘

রোববার ছাত্রলীগের হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, হরতাল হয়েছে কি না সেটা বলেন? দুটি গাড়ি পোড়ানো হয়েছে সত্যি কথা। নাশকতাটা হয়েছে। অন্যান্য হরতাল কল (আহ্বান) করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে। তার থেকে আমরা (নাশকতার পরিমাণ) অনেকটা কমিয়ে আনতে পেরেছি কি না, সেটি আপনারা দেখবেন।’

আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কি না, সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং করিয়ে দিচ্ছি।’

‘আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না,’ যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad