আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুমসংক্রান্ত যে অপরাধ গুম অধ্যাদেশের আওতায় ছিল, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল।’
এদিন ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে আইনটিতে গুমের বিষয়টি যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সংসদে আইনমন্ত্রী বলেন, ‘গুমের বিচার করার জন্য সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটি এই সংশোধনীর মাধ্যমে প্রমাণিত হলো।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি সংশোধনী এখনো দেখিনি। আমি শুকরিয়া জানাচ্ছি যে, গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটি ট্রাইব্যুনাল আইনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মনে হয়, গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় আইন ছিল।’
তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল। অতিরিক্ত আইন বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না। এখন যদি এটি ট্রাইব্যুনালের সঙ্গে একীভূত হয়, আমি মনে করি এটি একটি সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত।’


