গুগল ম্যাপে বাড়ির ঠিকানা খুঁজে পেয়ে বরিশাল থেকে নিখোঁজ এক কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কক্সবাজারের ঈদগাঁও থেকে তাকে উদ্ধার করে বুধবার রাতে আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজ ওই কিশোরের নাম সৌরভ দাশ (১৪)। সে বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা এলাকার সজল দাশের ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় দায়িত্বরত পুলিশের সদস্যদের।
পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানালেও বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনি।
ওসি বলেন, ‘শিশুটি তার এলাকার কিছু অস্পষ্ট তথ্য দেয়। পরে আমরা গুগল ম্যাপ ব্যবহার করে সম্ভাব্য স্থানগুলো মিলিয়ে দেখতে শুরু করি। একপর্যায়ে ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখানো হলে সৌরভ সেটি চিনতে পারে। সেই সূত্র ধরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।’
পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত হওয়ার পর বরিশালের কাউনিয়া থানার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে আগে থেকেই সৌরভের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা ছিল।
পুলিশ বলছে, প্রযুক্তির কার্যকর ব্যবহার ও দ্রুত সমন্বয়ের কারণে কিশোরটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত ২ মে দুপুরে বাড়ি থেকে বাজারে খিচুড়ি আনতে বের হয়েছিল সৌরভ। এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর ৩ মে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।
সৌরভ দাশের মামা বিজয় ঘোষ বলেন, ‘সৌরভ নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে ছিল। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি।
পরে কাউনিয়া থানায় জিডি করা হয়। ঈদগাঁও থানা পুলিশের ফোনে জানা যায় সৌরভকে পাওয়া গেছে হয়েছে।’


