‘হাওয়া’র সফলতার পর নির্মাতা মেজবাউর রহমান সুমন নিয়ে আসছেন ‘রইদ’। ছবিটি এবারের ঈদুল আযহায় মুক্তি পাবে। ‘রইদ আইলা গা জুড়াইতে’ গান প্রকাশের মাধ্যমে ছবিটি তার ঈদ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ফেসকার্ডের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। এরকথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা, চূড়ান্ত প্রযোজনা এবং মিক্স ও মাস্টারিং করেছেন রাশীদ শরীফ শোয়েব। সার্বিক অডিও প্রোডাকশন এবং শব্দবিন্যাসের দায়িত্বে ছিল অডিও প্রতিষ্ঠান ‘স্টুডিও কাউবেল’ ।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ সিনেমাটি মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আযহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে, যার কথা ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজু এবং সঙ্গীতায়োজনে ছিলেন রাশিদ শরীফ শোয়েব। গানটি ‘রইদ’ শুটিংয়ের অনেক আগে, প্রায় এক বছর আগে আমি আর রাজু ভাই এটার অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম, আজকে এসে সেই গানটা শেষ হলো। তাই এই গানটা দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে ‘রইদ’।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।


