গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একত্রে কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে টঙ্গী, কুর্মিটোলা, গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ২ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পানি সংকটে অগ্নিনির্বাপণের কাজে ব্যাঘাত ঘটছে বলে জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করলেও আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। ফলে আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে।’


