গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি বিরোধে একাব্বর আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মোছা. মর্জিনা বেগম (৫০), মোছা. স্বপ্না বেগম (৪৮), মোছা. নুরজাহান (৬৫) এবং মোছা. রেনু বেগম (৩৮)।

এর আগে, শুক্রবার রাতে একাব্বর আলীর মৃত্যু হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষের লোকজন লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধীয় জমিতে ঢুকে জোরপূর্বক চাষাবাদ শুরু করে।

আরও পড়ুন

এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাড়ির সামনে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন একাব্বর আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই শাহ আলমকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একাব্বর আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নুর আলম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার নারীকে গ্রেপ্তার করেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, চার বিঘা জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় চার নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad