সেন্টমার্টিনে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবা নম্বরে ফোন করে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।
ফোনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ জেলেদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


