সাড়ে তিন দশক পর আবারও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন দু’জন রাজনীতিবিদ। তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভায় এই দু’জনই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ মুখ।
এই দুজন হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
নিতাই রায় চৌধুরী এর আগে ১৯৯০ সালে এরশাদ সরকারের মন্ত্রিসভায় প্রথমে প্রতিমন্ত্রী ও পরে পূর্ণ মন্ত্রী ছিলেন। এরশাদ সরকারের পতনের বেশ কয়েক বছর পর তিনি বিএনপিতে যোগ দেন। সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে তিনি মাগুরা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদও ১৯৯০ সালে এরশাদ সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি কুমিল্লা-৩ আসনে সংসদ সদস্য হয়েছেন।


