জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, গণঅভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। সেজন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।’
বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না, সেই প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, দুদক এবং বাসসের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের সিলেট বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।


