প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ.কে. এম. শামছুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন।
বুধবার তিনি শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা ও চলমান জাহাজনির্মাণ প্রকল্প ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
খুশিলি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করে। প্রতিষ্ঠানটি দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
খুশিলির সক্ষমতা, উৎপাদন দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে খুশিলির গুরুত্ব অপরিসীম।’ দেশের জাহাজনির্মাণ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানের অবদান, পেশাগত ও কারিগরি দক্ষতার প্রশংসা করেন তিনি।
এ সময় এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেনবোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল ও সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে উপদেষ্টাকে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে খুশিলির কর্মপরিকল্পনায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।
খুলনা শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা— প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা ও বিদ্যুৎ শপ সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্টা। তখন তাকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, আধুনিক উৎপাদন অবকাঠামোসহ ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে তিনি খুশিলির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন তিনি।


