খুলনার একটি ঘের থেকে ওমর ফারুক রাব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহানগরী দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দীপুর এলাকার শাহ আলমের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদুল ইসলাম জানায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসার বিরোধের জেরে ওই যুবককে হত্যা করা হতে পারে। তিনি মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল।
নিহত রাব্বি ওই এলাকায় পরিচিত ইয়াবা ব্যবসায়ী ছিল এবং বর্তমানে তিনি আরমান গ্রুপের সদস্য ছিলেন।
ওসি আরও জানান, দীর্ঘদিন যাবত ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। রাব্বির মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষ হয়তো গুলি করে হত্যার পর ঘেরে ফেলে রেখে যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি মুরাদ বলেন, এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।


