খুলনার একটি ভোটকেন্দ্রে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ধাক্কায় বিএনপির সাবেক এক নেতা নিহত হয়েছেন।
নিহতের নাম- মহিফুজ্জামান কচি। তিনি মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
বৃহস্পতিবার সকালে খুলনার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, আব্দুর রহিম ওই মাদ্রাসার প্রিন্সিপাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিফুজ্জামান ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রের প্রিন্সিপাল আব্দুর রহিম তাকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর প্রিন্সিপাল আব্দুর রহিমকে পুলিশে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যেই দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল।
তার কাজে বাধা দেওয়ার কারণেই তিনি বিএনপি নেতা কচিকে ধাক্কা দেন। আর এতে কচি নিহত হন।’
এদিকে নিহতের বড় ভাই আসাদুজ্জামান সেলিম বলেন, ‘মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনার আমার ভাই মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীয় জামায়াত নেতারা।


