দেশের মানুষকে নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’
সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।’
ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নেবেন বলেও জানান তারেক রহমান।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলেও নিজের প্রত্যাশার কথা জানান তিনি।


