ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনার উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি ভেবে থাকেন, এবার টাকা দিয়ে ভোট কিনবেন; আমার মনে হয়না সেই উদ্যোগ সফল হবে।’
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন কমিশনার সানাউল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেরদিন বিপুল অংকের টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের আটক হওয়া প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
এর আগে নির্বাচনের আগেরদিন বিপুল অংকের টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের আটক হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘এটা এলার্মিং না। বরং ধরা পড়াটা ভালো। যারা অসৎ উদ্দেশ্যে টাকা ব্যবহার করতে চাইতেন, তারা সতর্ক হয়ে গেছেন—আমি নিশ্চিত।’
সানাউল্লাহ জানান, সারাদেশের প্রাথমিক তথ্য অনুযায়ী ভোটগ্রহণ সুন্দরভাবে চলছে। কেন্দ্র ঘুরে তিনি জানিয়েছেন, প্রার্থীদের এজেন্টরা ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ পাননি।
সাবেক সেনা কর্মকর্তা সানাউল্লাহ জানান, তার সারাজীবন চাকরির কারণে কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। এবারই প্রথম জাতীয় নির্বাচনে তিনি ভোট দিয়েছেন।
ঢাকা ৮ আসনের এই কেন্দ্রে মূল লড়াই চলছে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ও শাপলা কলি প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর মধ্যে।
এই আসনের ভিকারুননিসা স্কুল কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হয়। প্রথম এক ঘন্টায় দেড়শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রের চারশ গজের মধ্যে প্রধান দুই প্রার্থীর তথ্য কেন্দ্র থাকায় সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে দেন।
এদিন ভোট পর্যবেক্ষণে ছিলেন কমনওয়েলথ অবজার্ভার গ্রুপের চেয়ারপার্সন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো।


