রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্যের পরিচালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, শুভাশীষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, অংকুরজিত সাহা নব, তাপস কুমার কুণ্ডু, পরিমল কুমার ভৌমিক, অমিতাভ বসাক বাপ্পীসহ অন্য ভক্তবৃন্দ।
প্রার্থনা সভায় মা ঢাকেশ্বরীর কাছে গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।


