সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সবস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার নামাজে জানাজা বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। তারা যেন সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে যে নারীরা খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্দেশিত স্থানে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।
এ ছাড়া, জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।


