বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।
এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন হলে এবং যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

এর আগে ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
সোমবার বিকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মঙ্গলবার মূল চিকিৎসকদলের ঢাকা পৌঁছার কথা রয়েছে।


