১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ৮ ডিসেম্বর খাগড়াছড়ির রামগড় উপজেলা ও বরিশাল হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে ওইসব এলাকায় সারা দিনব্যাপী ‘হানাদার মুক্ত দিবস’ পালন করা হয়েছে।
সোমবার সকালে রামগড় উপজেলা পরিষদ থেকে রামগড় বাজার এলাকায় পদযাত্রা করা হয়। পরে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
সভায় উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।

একই দিন বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থিত প্রথম সচিবালয়ের সামনে যান মুক্তিযোদ্ধারা। পরে দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধ সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশকে নতুন প্রজন্ম আরও সামনে এগিয়ে নেবে এমন প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।


