খাগড়াছড়ির রামগড়ে সড়কের পাশে বাস মেরামতের সময় অন্য একটি বাসের চাপায় একজন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৬) । তিনি খাগড়াছড়ি সদর শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। আহতরা হলেন, জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)।
জানা গেছে রামগড় উপজেলার নাকাপার চাষী নগর এলাকায় রোববার রাত ১২টার পর ঢাকাগামী শান্তি পরিবহনের গাড়ি থামিয়ে বাসের চাকা মেরামত করা হচ্ছিল। তখন ঢাকাগামী শ্যামলী এন. আর. পরিবহনের একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এসময় আরও দুইজন আহত হন। আহতদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শান্তি পরিবহন ও শ্যামলী এন. আর. পরিবহনের গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ড্রাইভার ও হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


