খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফ্রিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানান।
ভারতের সহায়তায় খাগড়াছড়িতে সহিংসতা ঘটেছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রশ্নে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এই “মিথ্যা ও ভিত্তিহীন” অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার “দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ” হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এখন উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা।’
খাগড়াছড়িতে গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এর জেরে গত রোববার অবরোধে সংঘর্ষে গুলিতে নিহত হন তিনজন। আহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে ১৩ সেনাসদস্য ও তিন পুলিশ সদস্যও রয়েছেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং এ ঘটনায় “ভারত কিংবা ফ্যাসিস্টদের ইন্ধন” থাকতে পারে।’
তার মন্তব্যকে কেন্দ্র করেই ভারতের কড়া প্রতিক্রিয়া এলো।


